ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ থানা ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই নবাগত ওসি উপস্থিত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কালীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
ওসি কবির হোসেন বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি বলেন, কালীগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে।
বিশেষ করে মাদক ব্যবসা ও সেবন, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। তবে শুধু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পেলে তা পুলিশকে জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা কালীগঞ্জের বিভিন্ন সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, যানজট, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় ওসি কবির হোসেন সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান ও এসআই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উচ্চকন্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, মোহনা টিভির সোহেল আহম্মদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, এশিয়া পোস্টের হাবিব ওসমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, কালের কণ্ঠের নয়ন খন্দকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকরা নবাগত ওসিকে কালীগঞ্জে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।


