মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০২-১৭) চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জমির হোসেন-এর যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে মেহেরপুরসহ খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি ।
আজ রবিবার ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় ওই ধর্মঘট পালিত হবে। গতকাল শনিবার দুপুর ১ টার দিকে এ কর্মসূচী ঘোষনা করা হয়। ফলে আজ রোববার সকাল ৬ টা থেকে মেহেরপুর থেকে ছেড়ে যাবে না আন্তঃজেলা ও দুরপাল্লার কোন পরিবহন। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর শহরে মাইকিং করে এ ধর্মঘটের ঘোষনা দেওয়া হয়। ঘোষনায় বলা হয়- বাস, ট্রাক, মাইক্রোবাস সহ সকল ইঞ্জিন চালিত যানবাহন মেহেরপুর সহ খুলনা বিভাগের ১০ জেলায় সকল রুটে চলাচল বন্ধ থাকবে। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় যশোরে এক জরুরী সভা শেষে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় দন্ডবিধির ৩০৬ ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর জেল। অথচ জমির হোসেন-এর ক্ষেত্রে দেওয়া হয়েছে যাবজ্জীবন। ওই রায় বতিল সহ তার মুক্তির দাবিতে এ ধর্মঘট চলতে থাকবে।
উল্লেখ্য, গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জমিরহোসেন-এর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। সেদিন থেকেই চালক জমিরের নিজ জেলা চুয়াডাঙ্গাতে পরিবহন ধর্মঘট শুরু হয়।




