নেইমার-এমবাপ্পে আগে থেকেই ছিলেন। সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসিও। কাগজে-কলমে বর্তমান সময়ের তো বটেই, সর্বকালের সেরা আক্রমণভাগের ছোট্ট তালিকাতেও অনেকে রাখছেন পিএসজির আক্রমণভাগের নাম।

চ্যাম্পিয়নস লিগে তাঁদের প্রতিপক্ষ ছিল বেলজিয়ান ক্লাব ব্রুগা। দুর্বল প্রতিপক্ষ পেয়ে পিএসজির তারকাখচিত আক্রমণভাগ গোল উৎসব করবেন, এমনটা মনে হয়েছিল।
কিন্তু বাস্তবে হয়েছে তার ঠিক উল্টোটা। কোনোমতে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পে রসায়নটা তেমন জমেনি। গোল তো কেউ পানইনি, উল্টো মেসি দেখেছেন হলুদ কার্ড।
সব মিলিয়ে মেসিকে পাওয়ার সুফল কি মিলেছে পিএসজির? লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যালন ডি’অরজয়ী সাবেক ইংলিশ ফরোয়ার্ড মাইকেল ওয়েন তেমনটা মনে করছেন না।
মেসি আসার পর দল হিসেবে পিএসজির রসায়নটা ঠিক জমছে না বলেই মনে করেন ওয়েন, ‘মেসি-নেইমার-এমবাপ্পের তিনজন যখন একসঙ্গে খেলে, তখন সে দল দুর্বল হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। আমি বুঝি না, কেন পিএসজিকে এবারের চ্যাম্পিয়নস লিগের জন্য অন্যতম ফেবারিট মানা হচ্ছে।’
ওয়েনের মতে, পিএসজিতে নতুন আসা জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমিরা মেসির চেয়েও নাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ।




