মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনতিবিলম্বে হস্তান্তর করতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের (সোমবার) রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন।
গতকাল সোমবার ১৭ নভেম্বর বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানায়।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
’পররাষ্ট্র মন্ত্রণালয় তার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমরা ভারত সরকারের প্রতি আহবান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।’
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ। দুই প্রক্রিয়ায় এই চিঠি পাঠানো হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দু’টো। একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে। সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার (হস্তান্তর) করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল), তাকে (শেখ হাসিনা) ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সে জন্য আমরা ভারতকে অফিশিয়ালি জানাব।’
গতকাল দুপুরে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পরপরই সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজ বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানির ঘটনা, বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিলেন, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।
তাঁর প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি, আজ জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন।’
জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তি ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারগুলোর কথাও এ সময় স্মরণ করেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল আরো বলেন ‘আজ একটা বিচার হয়েছে। ইনশাআল্লাহ আমরা যত দিন আছি বিচারকাজ পূর্ণ বেগে চলবে।…আমরা আশা করি আগামীতে যে সরকারই নির্বাচিত হবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়।’