বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনও দেশের যদি এককভাবে অবদান থাকে তা ভারত। বাংলাদেশের এক কোটি মানুষ সেখানে (ভারত) আশ্রয় নিয়েছিল, তারা সর্বাত্মকভাবে আমাদের সহায়তা করেছে। মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আসলে মুজিববর্ষের পূর্ণতা পাবে না। বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে কী ঘটেছে, কী ঘটেনি সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশে তো এমন কোনও পরিস্থিতি বিরাজ করছে না যাতে এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। মুজিববর্ষে ভারতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মুক্তির জন্য তৎকালীন ভারত সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে ছুটে গেছেন। সেই আন্তর্জাতিক চাপ ও বিশ্বজনমতের কারণেই পাকিস্তান বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েকমাস আগে। তিনি তা গ্রহণ করেছেন।