বিশ্ব মা দিবসে ঢাকার ধামরাই উপজেলায় ছেলের হাতে খুন হলেন ওজিবা খাতুন নামের এক মা। এই ঘটনায় অভিযুক্ত ছেলে রমজান আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাশাপাশি নিহত ওজিবা খাতুনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ধামরাইয়ের বাউখণ্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাউখণ্ড এলাকার মৃত চান মিয়ার ছেলে রমজান আলী একটি ইট দিয়ে তাঁর মায়ের মাথা থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই মা ওজিবা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ছেলে রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং ছেলে রমজান আলীকে আটক করে।
জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে ছেলে রমজান আলী এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।