বিশেষ প্রতিবেদক : নাশকতার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
আজ আদালতে মাহমুদুর রহমান হাজির না হওয়ায় তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মোজবাহ সময়ের আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন করে এ দিন ধার্য করেন।
মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ বিষয়ে নিশ্চিত করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২জুন মাহমুদুর রহমান অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এলে অজ্ঞাতপরিচয় আসামিরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার চেষ্টা করে।এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া ওই দিনই বাদী হয়ে একটি মামলা করেন।
মামলার পর ২০১০ সালের ৩১ ডিসেম্বর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মাহমুদুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।অন্য আসামিরা হলেন জুলফিকার আলী, শহিদুল ইসলাম ও হাফিজুর রহমান।অভিযোগপত্র আসার পর মামলাটি বিচারের জন্য বদলি হয়ে এ আদালতে আসে।



