মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত হয়ে প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা মামলা, পুলিশি কাজে বাধা দান এবং সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় পুলিশ তাকে ফের গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের ওপর ফয়সালের অস্ত্র হাতে হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান: ”ফয়সাল মাতুব্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে নিজ এলাকা থেকে গ্রেফতারের পর রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।”