মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস মাদবরের সঙ্গে একই এলাকার সেকান মাদবর-আলতাফ মাদবরের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল রোববার সন্ধ্যায় নাসিরের মোড় বাজারে ইলিয়াস মাদবরের সমর্থক মনির ও হিরণের সঙ্গে সেকান মাদবর-আলতাফ মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ হয়। এ সময় সেকান মাদবর ও আলতাফ মাদবরের সমর্থকরা মনির ও হিরণকে মারধর করেন। আজ সকালে ইলিয়াস মাদবরের সমর্থক আইয়ুব আলী মাদবর নাসিরের মোড় বাজারে গেলে সেকান মাদবরের সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেকান মাদবরের সমর্থকরা আইয়ুব আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।




