মাগুরা প্রতিনিধি: মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালেক্টরেট চত্ত্বরে গতকাল বৃহস্পতিবার নারী উন্নয়ন মেলা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক ও সূর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক দপ্তর, মাগুরা এ দিবসের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) খোন্দকার আজিম আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মুনিবুর রহমান, শালিখা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান ও মাগুরা সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ ড. মো: আহসান হাবিব।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. শাহিনা আক্তার ডেইলী ও জেলা ব্র্যাকের সমন্বয়কারী রোকেয়া বেগম প্রমুখ। এছাড়া এ দিবস উপলক্ষে কালেক্টরেট চত্ত্বরে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। মেলার শেষে শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




