× Banner
সর্বশেষ

মাগুরার শ্রীপুরে পূজা মন্দিরের ৪ জন দর্শনার্থীকে কুপিয়ে জখম, আটক ১

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের ফাঁসতলা মহাশশ্মান কালী মন্দিরে পূজা চলাকালীন সময়ে  ৪ জন দর্শনার্থী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তা । সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় রাতেই ইকবাল নামে একজনকে আটক করেছে পুলিশ।

হামলায় তাপস সরকার, অমিত সরকার, সুব্রত সরকার ও বিপ্লব সরকার নামে চার দর্শনার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরতর জখম তাপস সরকার (২২) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি খামারপাড়া গ্রামের সর্দার পাড়ায়।

ফাঁসতলা মহাশশ্মান কমিটির সভাপতি শচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, পূজা চলাকালিন সময়ে রাত  সাড়ে ১০ টার দিকে একদল যুবক হঠাৎ করেই পূজা দেখতে আসা কয়েকজন দর্শনার্থীকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দর্শনার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়লে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। মন্দিরে হামলার খবর পেয়ে শ্রীপুর থানা  পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের স্বীকারোক্তি মোতাবেক ইকবাল নামে এক দুর্বৃত্তকে আটক করে। আটককৃত ইকবাল বারইপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। সে এলাকার বখাটে যুবক বলে পরিচিত।

আহত তাপস সরকারের বাবা বিনোদ সরকার জানান, এর আগে আটককৃত ইকবাল সহ কয়েকজন বখাটে যুবক তাদের দুর্গা মন্দিরে পূজার সময় মহিলাদের উতক্ত্য করার কারণে তার ছেলে তাপস সহ কয়েক স্বেচ্ছাসেবক তাদের প্রতিবাদ করেছিল। এ কারণেই ক্ষিপ্ত হয়ে তারা সংঘবদ্ধ হয়ে গত সোমবার রাতে এ ঘটনা ঘটিয়েছে। আহত তাপস সরকার বলেন, হামলাকারীরা সংখ্যায় ৮-১০ জন ছিল। কিন্তু ইকবাল ছাড়া আমরা আর কাউকে চিনতে পারিনি। এ ঘটনায় প্রভাবশালী একটি গোষ্ঠি থানায় মামলা না করার জন্য তাদেরকে বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন।

শ্রীপুর থানার ওসি(তদন্ত) এম.এ. মাজেদ বলেন, ফাঁসতলা মহাশশ্মান কালী মন্দিরে দর্শনার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..