ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনকে বৃহস্পতিবার দুপুরে পিটিয়ে জখম করা হয়েছে। তাকে আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিএনপির আভ্যন্তরীন কোন্দলের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।
মহেশপুর থানার উপ-পরিদর্শক সানজিদ আহম্মেদ জানান, মহেশপুর পৌরসভা মার্কেটে বৃহস্পতিবার উপজেলা ছাত্রদলের সভা ছিল। সেই সভায় অংশ নিতে আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিএনপি কর্মী রুমেল, ওমর আলী, গোল্লা, ফারুক ও হারুনের নেতৃত্বে একদল উৎশৃংখল ব্যক্তিরা মোমিনের উপর হামলা চালায়। লোহার রড ও ইট দিয়ে মোমিনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও তিনি জানান।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা মোমিনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। মহেশপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক জানান, ছাত্রদলে কোন কোন্দল নেই। মুলত বিএনপির কোন্দলের কারণেই মোমিনের উপর হামলা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।