ফরিদপুরের মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার।
ফেসবুক পেজ ‘শুকতারা টিভি’র প্রোপাইটর মোঃ জুয়েল শরীফ এবং ‘এস টিভি’র প্রোপাইটর মোঃ রাকিবুল হাসান মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ভুক্তভোগী নারী-পুরুষসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোছাঃ কাকলি বেগম। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে এসে অর্থ দাবি করেন।
তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তার ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেজে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করে। এ সময় আরও কয়েকজন ভুক্তভোগী একই ধরনের অভিযোগ তুলে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন মোঃ গোলাম সরাফত শরৎ, দেবজিত দাস, মোঃ শাকিল, সুজন কর্মকার, মোঃ আলিফ এবং মোঃ ইলিয়াস হোসেন।
বক্তারা দাবি করেন, অভিযুক্তদের এমন কর্মকান্ডে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং তারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মধুখালীতে প্রকৃত সাংবাদিকদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। পাশাপাশি এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।