যশোর প্রতিনিধি: মণিরামপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় ৫৫ বছর বয়সী এক আলমসাধু চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা মোড়ে এঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি যশোর সদর উপজেলার স্টেশন রূপদিয়া এলাকায়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে যশোর থেকে আলমসাধুতে করে কলাপাতা নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন ওই চালক। সামনে ছিলো বালুভর্তি ট্রাক। ফকিররাস্তা মোড়ে পৌঁছুলে সামনের ট্রাকটির গতি কমে যায়। তখন পেছন থেকে আলমসাধু এসে ট্রাকে ধাক্কা লাগলে চালক রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোড়ের শহিদুল ডাক্তারের চেম্বারে নিলে তিনি মারা যান। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে থানার এসআই আনিস ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্বজনরা চালকের লাশ নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে লোকটি স্ট্রোক করে মারা গেছেন।