করোনাভাইরাস সংক্রান্ত বিষয়কে পুঁজি করে কেউ যদি চাল ও গমের দাম বাড়ায়, আতঙ্ক সৃষ্টি কিংবা অতিরিক্ত মজুদ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রাণালয়ে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় মানুষ আসা বন্ধ হলেও পণ্য আমদানি বন্ধ হয়নি। এরইমধ্যে নতুন চাল বাজারে আসার সময় চলে এসেছে। ক্রেতাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি বলেন, দেশে চাল ও গম পর্যাপ্ত রয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন গম মজুত আছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, অযথা ঘরে ঘরে ২-৩ মাসের চাল মজুদ করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যবসায়ী বা মিল-মালিকরা যদি সংকট তৈরি করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


