নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ভেগাই হালদারের ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ ছিল মহাত্মা ভেগাই হালদারের ১৭৩তম জন্মবার্ষিকী এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী দিন।
সোমবার (৬ জুলাই) সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, পুষ্পস্তবক অর্পণ, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিবর্গ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, দীনেশ হালদার, কার্তিক বেপারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভেগাই হালদারের অবদান আজও অনুকরণীয়। তাঁর দূরদর্শী উদ্যোগে প্রতিষ্ঠিত ভেগাই হালদার পাবলিক একাডেমি দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এ অঞ্চলে শিক্ষার প্রসার, মানবসম্পদ উন্নয়ন এবং আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মকে তুলে ধরার মাধ্যমে শিক্ষাবান্ধব সমাজ গঠনের আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ভেগাই হালদার বাংলা ১২৬০ সালের ২১ আষাঢ় জন্মগ্রহণ করেন। বাংলা ১৩৪০ সালের ২১ আষাঢ় (৬ জুলাই) ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে তিনি ১৯১৯ সালের ২৬ জানুয়ারি নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রতিষ্ঠা করেন। শতবর্ষের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।