চট্টগ্রাম প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী সংসদে পাস করার প্রতিবাদে পার্বত্য তিন জেলায় ডেকেছে পাঁচটি বাঙালি সংগঠন। আগামী বৃহস্পতি ও রোববার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে হরতাল পালন করা হবে।
গতকাল রোববার সন্ধ্যায় পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান স্বাক্ষরিত বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধনী), ২০১৬ তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের আয়োজন সম্পন্ন করছে সরকার। এ ছাড়া এই বিতর্কিত আইনটি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলসহ পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতি ও রোববার হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণপরিষদসহ পাঁচটি বাঙালি সংগঠন।
গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ৯ আগস্ট আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয় এবং সর্বশেষ ৬ অক্টোবর আইনটি জাতীয় সংসদে পাস করা হয়।