ভারতে পাচার ৭ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর) ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত কিশোরকে দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে যশোরের বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করে।
বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসা কিশোররা হলো- নড়াইলের কুড়লিয়া গ্রামের শওকত শেখের ছেলে রিয়াদ শেখ (৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর (৮), পাবনার মশুরিয়া পাড়ার কিরন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস (৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিকদারের ছেলে রোমান শিকদার (৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান (৮), বাগেরহাটের মোংলাপোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান (৯) ও ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াসের ছেলে সৈয়দ ফাতি (১১)।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান  জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু-কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম সাত কিশোর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।