বড় জয়ে সিরিজ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ লর্ডসে প্রথম টেস্টে একেবারেই অসহায় আত্মসমর্পণ করেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী দলটি। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে ৩৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরল প্রোটিয়ারা।

ম্যাচের তৃতীয় দিন থেকেই দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণ ছিল। প্রোটিয়াদের ছুড়ে দেওয়া ৪৭৪ রানের দুরূহ লক্ষ্য পার করা অনেকটাই অসম্ভব ছিল স্বাগতিক ইংল্যান্ডের জন্য। এত রান তাড়া করে জেতা একরকম অসম্ভবই ছিল তাদের জন্য। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে একরকম অসহায় আত্মসমর্পণ করে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

চার রানে প্রথম উইকেট হারানোর পর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক শিবির। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন অ্যালিস্টার কুক। মঈন আলী ২৭ ও বেন স্টোকস করেন ১৮ রান। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার ও কেশব মহারাজ নেন তিনটি করে উইকেট। এ ছাড়া মরিস ও অলিভার নেন দুটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল মাত্র ২০৫ রানে। ১৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গড়েছে ৩৪৩ রানের বড় সংগ্রহ। প্রথম ইনিংসে ৭৮ রানের পর দ্বিতীয় ইনিংসে হাশিম আমলা করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান। ৮০ রানের লড়াকু ইনিংস এসেছে ওপেনার ডিন এলগারের ব্যাট থেকে। ৬৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন দু প্লেসি। আর শেষপর্যায়ে ভারনন ফিল্যান্ডার করেছেন ৪২ রান। ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেট শিকার করেছেন মইন আলী।

২৭ জুলাই ওভালে হবে সিরিজের তৃতীয় টেস্ট। এর আগে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজটাও বগলদাবা করে স্বাগতিক ইংল্যান্ড।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।