বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনাময় বড় বাজার। ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু উচ্চ শুল্ক হারের কারণে ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক আশানুরূপ রপ্তানি হচ্ছে না। উভয় দেশের ব্যবসায়ীদের সফর বিনিময় এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের মাধ্যমে ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে।
মন্ত্রী আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ঔড়ধড় ঞধনধলধৎধ ফব ঙষরাবরৎধ ঔঁহরড়ৎ এর সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিক ও এফবিসিসিআই এর কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত ব্রাজিলের সাথে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। উভয় দেশের ব্যবসায়ীরা চাচ্ছেন বাণিজ্য শুরু করতে, এখন প্রয়োজন উদ্যোগ। বাণিজ্য মন্ত্রণালয় সে উদ্যোগ গ্রহণ করবে। এতে করে জুতা, মাছসহ অনেক পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে ব্রাজিলের বিপুল বাণিজ্য সম্ভাবনা আছে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে ব্রাজিলে। ব্রাজিলের ব্যবসায়ীরাও বাংলাদেশের সাথে ব্যবসা করতে আগ্রহী। উভয় দেশের উচ্চ শুল্কহার কামিয়ে বাণিজ্য সুযোগ সৃষ্টি করা সম্ভব। বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো স্থান। ব্রাজিলের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের চিন্তা করছে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।



