বিশ্বকাপের ব্যর্থতা দূরে সরিয়ে যুক্তরাজ্যের মাটিতে বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচ যদিও এদিন ইতিবাচক ভঙ্গিতেই শুরু করে ভারতীয় দল। পেসারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ক্যারিবিয়ানদের মাত্র ৯৫ রানে বেঁধে রাখে টিম ইন্ডিয়া। স্বল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উইন্ডিজ বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলেন ভারতীয় ব্যাটসম্যানরাও। কটরেল-নারিনদের দাপটে সেভাবে থিতু হতে পারলেন না কোনও ভারতীয় ব্যাটসম্যানই। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন প্রথম সারির ব্যাটসম্যানরা।
চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকটা ভালো হল না ধাওয়ানের জন্য। মাত্র এক রানে কটরেলের শিকার হলেন ‘গব্বর’। ২৫ বলে ২৪ রান করে আউট হলেন রোহিত শর্মা। এরপর সুনীল নারিনের ডেলিভারিতে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন তরুণ পন্ত। ধোনির উত্তরসূরী হিসেবে এককভাবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রথম বড় মঞ্চে প্রথম সুযোগে ব্যাট হাতে ডাহা ফেল তিনি। ৩২ রানে তিন উইকেট খোয়ানোর পর অধিনায়ক কোহলি ও মনীশ পান্ডের ৩২ রানের জুটি দলকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে।
ঠিক তখনই ফের ছন্দপতন। আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক ম্যাচে ১৯ রান করেই ফিরতে হয় পান্ডেকে। এরপর একই রানে ডাগ-আউট মুখো হন অধিনায়ক কোহলিও। সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও তখন হঠাৎই হারের ভ্রুকুটি দেখা দেয় ভারতীয় শিবিরে। শেষ অবধি লক্ষ্যমাত্রা বিশাল না থাকায় এযাত্রায় উতরে যায় ভারতীয় শিবির। তবে মাত্র ৯৬ রান তুলতে গিয়ে ছ’টি মূল্যবান উইকেট খোয়াতে হয় মেন ইন ব্লু’কে।
দলীয় ৮৮ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন হয় ভারতীয় শিবিরের। ১২ রানে আউট হন ক্রুনাল পান্ডিয়া। শেষ অবধি জাদেজা ১০ রানে ও ওয়াশিংটন সুন্দর ৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় দিয়েই ক্যারিবিয়ান সফর শুরু করে ভারতীয় দল।
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে এদিন বিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কোহলি। কায়রন পোলার্ডের ৪৯ রানে ভর করে ২০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে চূড়ান্ত ব্যর্থ বাকি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে বল হাতে নজর কাড়লেন নভদীপ সাইনি। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ২টি উইকেট ভুবনেশ্বর কুমারের। একটি করে উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।





