রাজধানীর নিউমার্কেট ও তার আশপাশের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের পাল্টা-ধাওয়া শুরু হয়েছে। চলছে ইটপাটকেল নিক্ষেপ। গতকাল সোমবার দিনগত রাতে সংঘর্ষ আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে আসলেও সকাল পৌনে ১১টার দিকে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সকালে ফের সংঘর্ষে জড়িয়েছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। পাল্টা হামলা করছেন শিক্ষার্থীরাও।
এদিকে, সংঘর্ষের ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে আবুল হাসান বলেন, ‘আমি শুনেছি, একটি পাঞ্জাবি কেনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। দোকানদার পাঞ্জাবির দাম এক হাজার ২০০ টাকা চাইলে শিক্ষার্থীরা ২০০ টাকা দিতে চান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রাথমিকভাবে আমি এটি জানতে পেরেছি। বিস্তারিত তদন্ত করে প্রকৃত ঘটনা জানতে হবে।’এদিকে, শিক্ষার্থীদের অভিযোগ—পুলিশ তাঁদের ওপর গুলি করেছে। কিন্তু, এ অভিযোগ অস্বীকার করছে পুলিশ। এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘আমরা কোনো গুলিবর্ষণ করিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছি। আমাদের সাত থেকে আট জন সদস্য আহত হয়েছেন।’
ঘটনার সূত্রপাত সম্পর্কে সাজ্জাদুর রহমান বলেন, ‘তিন জন শিক্ষার্থী নিউমার্কেটের একটি দোকানে কেনাকাটা করতে যান। দাম নিয়ে দোকানির সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দোকানদার ও তাঁর লোকজন তাঁদের মারধর করেন। পরে শিক্ষার্থীরা হলে গিয়ে বিষয়টি জানায়। হলের শিক্ষার্থীরা একযোগে নিউমার্কেটের গেট ভেঙে ওই দোকানদারকে মারতে যান। খবর পেয়ে আমরা তাঁদের বাধা দেই এবং চলে যেতে বলি।
’সাজ্জাদুর রহমান আরও বলেন, ‘আমাদের কথা শুনে শিক্ষার্থীরা পিছু হটলেও দোকানিরা সড়কে চলে আসেন। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং দুপক্ষকে নিজ নিজ অবস্থানে ফিরে যেতে বাধ্য করি। এরপর শিক্ষার্থীরা আবার সড়কে অবস্থান নেন। পরে তাঁদের শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করা হয়। শিক্ষার্থীরা দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যার যার হলে চলে যান।’এসি আবুল হাসান বলেন, ‘গতকাল রাতে নিউমার্কেট এলাকায় সংঘর্ষে আমি নিজেই আহত হই। যখন ইট-পাটকেল ছোড়া হয়, তখন আমার শরীরে এসে লাগে। আমি এখন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’