বিশেষ প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্যকরেছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির চৌধুরীর আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিতছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে এ দিন ঠিক করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সাধারণ মানুষ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



