এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় খুব খারাপ যাচ্ছে, দুঃসময়, দেশে কোনো গণতন্ত্র নাই, আমাদের কোনো অধিকার নাই, সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, লুটপাট করে দেশকে শেষ করে দেওয়া হচ্ছে, দেশে কোনো আইনশৃঙ্খলা নাই, প্রকাশ্যে লোকজনকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না।
বোদ উপজেলা শহরের বিআরটিসি বাসস্ট্যান্ডে বোদা পৌর নির্বাচনের বিএনপি দলীয় মেয়র প্রার্থী হকিকুল ইসলামের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার বলেছিল দশটাকা কেজি চাল খাওয়াবে, এখন ৬০ টাকা কেজির নিচে চাল পাওয়া যায় না। আজকে সার-বীজসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে।
তিনি বলেন, বন্ধুরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, জিনিসপত্রের দাম কমিয়ে আনতে হয়, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে হয় তাহলে ধানের শীষকে আপনাকে জয়যুক্ত করতে হবে । দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নমিনেশন কে পেয়েছে ভুলে যান সবাইকে ধানের শীষের জন্য একত্রে কাজ করতে হবে।
এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য এ্যাভোকেট রীনা পারভীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, বোদা পৌরসভার ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী হকিকুল ইসলাম সহ বিএনপি এর বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




