বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে ওমর ফারুক(১৬) নামে এক গলা কাটা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৬সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় পোর্টথানা পুলিশ বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া কোদলারহাট মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত ছাত্র বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের হায়দার আলীর ছেলে এবং কুদলার হাট জুনিয়র হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র।
হত্যার শিকার ওমর ফারুকের মামা আজগার আলী জানান, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে সে বের হয়। এসময় তার সাথে মোবাইল ফোন ও বাইসাইকেল ছিলো। রাত্রে বাড়িতে না ফেরায় অনেক খোজা-খুজি করেও তাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে চাষীরা মাঠে কাজ করতে যেয়ে ধান ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দিলে লাশ সনাক্ত করা হয়। হত্যাককারীরা তার সাথে থাকা মোবাইল ফোন ও সাইকেল নিয়ে নেয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।



