দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস

বিজিবি দিনাজপুর সেক্টরের অধীনে ব্যাটালিয়নের জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিজিবি দিনাজপুর সেক্টর প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

এ সময় রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সুল হাসান খান, রংপুর বিভাগের ডিআইজি আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিজিবির দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত ১০ কোটি ৮২ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের তার বক্তব্যে বলেন, ‘মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা ও নৈতিকতাকে ধ্বংস করে, বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের করাল ছোবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যতও ঝুঁকির মুখে পড়ে।

বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের ফলেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে। আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সেই সাফল্যেরই বাস্তব প্রতিফলন।’

উক্ত অনুষ্ঠানে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।