আজ (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস একটি মারাত্মক এবং প্রাণঘাতী রোগ। সারা বিশ্বেই রোগটি মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১২ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩০০ জন প্রাপ্তবয়স্ক নাগরিক ডায়াবেটিসে আক্রান্ত। জনসচেতনতার লক্ষ্যে সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালণ শুরু হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় (ইউএন রেজোলুশন ৬১/২২৫)।
আইডিএফ ডায়াবেটিস এটলাস-২০২১ এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ কোটি। রোগটি ৭০ শতাংশ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য। এখনই এ রোগের প্রতিরোধ করা সম্ভব না হলে ২০৪৫ সাল নাগাদ প্রায় ৭৮ কোটিতে পৌঁছানোর আশংকা রয়েছে। তাদের অধিকাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনেরও বেশি লোক নিম্ন ও মধ্য আয়ের দেশে বাস করে। প্রায় ২ কোটি নারী (প্রতি ৬ জনে ১ জন) গর্ভাবস্থায় হাইপারগ্লাইসেমিয়ায় (উচ্চ রক্তের গ্লুকোজ) আক্রান্ত হয়। ডায়াবেটিসে আক্রান্ত দুই তৃতীয়াংশ মানুষ শহরাঞ্চলে বাস করে এবং তিন চতুর্থাংশ কর্মজীবন কালের। ১২ লাখেরও বেশি শিশু ও কিশোর (০-১৯ বছর) টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। ২০২১ সালে বিশ্বে ৬৭ লক্ষ মানুষের ডায়াবেটিসের কারণে মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪ দশমিক ৩ কোটিতে এবং ২০৪৫ সালে এই সংখ্যা ৭৮ দমমিক ৩ কোটিতে পৌঁছাতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ২৪ কোটি মানুষ বা প্রতি ২ জনে ১ জন জানেন না, যে তারা ডায়াবেটিসে আক্রান্ত।
বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রতি ১০ জনে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বব্যাপী ৫৩ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এরমধ্যে ৯ কোটি মানুষ দক্ষিণ এশিয়ার। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ১০ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৮০০ জন। এরমধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব আছে ১২ দশমিক ৫ শতাংশের। অর্থাৎ ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩০০ জন প্রাপ্তবয়স্ক নাগরিক ডায়াবেটিসে আক্রান্ত।
সংস্থাটি বলছে, এখনই প্রতিরোধ করা না গেলে ২০৩০ সালের মধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটিতে পৌঁছাবে। এমনকি ২০৪৫ সাল নাগাদ ৭০ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতে, ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ২ জনের মধ্যে ১ জন জানেন না তিনি আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। দেশে এ মুহূর্তে ৮৪ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ৩০ বছরের বেশি বয়সের সবাইকে পরীক্ষা করলে এ সংখ্যা আরও বাড়বে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশসহ সারাবিশ্বে রোগটি ক্রমশ বাড়ছে। এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগামী দিনে নিজেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিরাময়যোগ্য রোগ। তবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) নানামুখী কাজ করছে। সরকার টাইপ-১ ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন দিতে বিশেষ কর্মসূচি নিয়েছে।
এদিকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবারের মতো এবারও বাডাস নানা কর্মসূচি নিয়েছে। দেশব্যাপী সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ করা হবে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম থেকে রমনা পার্কের গেট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বিকেল ৩টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নাননের উপস্থিতিতে আলোচনা সভা হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রমনা পার্কের গেট ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ বিআইএইচএস ও এনএইচএন’র আওতাধীন বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে দিনব্যাপী হার্ট ক্যাম্প হবে। সারাদেশে অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আগামী ১৮ নভেম্বর সকালে চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
কিভাবে ডায়াবেটিস প্রতিরোধে করবেন
প্রতি বেলার খাবার খেতে হবে সময়মতো। কী পরিমাণ খাওয়া হচ্ছে, এও গুরুত্বপূর্ণ। বেশি খাবার না খেয়ে কম করে খাওয়া যায়। একই সঙ্গে আঁশযুক্ত গোটা শস্য খাবার প্রবণতা বাড়াতে হবে। ময়দার রুটি আর মিলে ছাঁটা চালের বদলে লাল আটার রুটি বা ঢেঁকি ছাঁটা চালের ভাত খেলে ভালো। গোল আলু যতটা পারা যায় কম খেতে হবে। আলু খেতে হলে অবশ্যই তা ভাত বা রুটি ইত্যাদির পরিবর্তে হবে, সবজি বা শাকের বিকল্প হিসেবে নয়।
অতিরিক্ত লবণ ও চর্বিজাতীয় খাবার পরিহার করুন। প্রতিদিন কিছু পরিমাণ শাকসবজি ও ফলমূল খান। ফাস্টফুড এবং কোল্ড ড্রিংকস পরিহার করুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ আর্সেনিকমুক্ত পানি পান করুন।
আরেকটি বিষয়, বিভিন্ন আচার-অনুষ্ঠানে পরিবেশিত অস্বাস্থ্যকর খাদ্য বর্জন করাই নিরাপদ। নিয়মিত শারীরিক শ্রম সম্পাদন করতে হবে; হাঁটা উত্তম উদাহরণ হতে পারে। একটানা অধিক সময় বসে কাজ করবেন না। কম্পিউটার ব্যবহার ও কাজের ফাঁকে উঠে দাঁড়ান। একটু পায়চারি করুন ও গেম খেলা কমিয়ে দিন। টিভি দেখতে দেখতে চিপস খাবেন না। বেশি ক্ষুধার্ত হলে শসা খান।
ধূমপান একেবারেই বর্জন করুন, কেন না ধূমপান ডায়াবেটিসের একটি কারণ। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন। ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস বিশেষজ্ঞের (এন্ডোক্রাইনোলজিস্ট) কাছে চিকিৎসা নিন। ওষুধ, ব্যায়াম, খাদ্য গ্রহণ তথা সার্বিক জীবনযাপন-সংক্রান্ত তার সুনির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত উপদেশ (যা শুধু আপনার জন্য প্রযোজ্য) মেনে চলুন।
পাশাপাশি রক্তের গ্লুকোজ, লিপিড, রক্তচাপ ও দৈহিক ওজন অবশ্যই লক্ষ্যমাত্রায় রাখতে হবে। মনে রাখা ভালো, ডায়াবেটিস চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই বাঞ্ছনীয়।