শাহীন মন্ডল উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকটে থাকা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষককে সাহায্য করেছেন উলিপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শনিবার (০৯ মে) দুপুরে পৌর শহরের রামধাস ধনিরাম আমিন মোড় এলাকার কৃষানী জহুরা বেওয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন সংগঠনের কর্মীরা।
কৃষানী জহুরা বেওয়া জানান, স্থানীয় শ্রমিকরা দেশের বিভিন্ন জায়গায় ধান কাটতে যাওয়ায় ও করোনা ভাইরাসের কারনে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা এসে শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমার ৫০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে কৃষানী জহুরা বেওয়া উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, দেশের এই ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। ওই কৃষানী শ্রমিক সংকটের জমির ধান কাটতে না পারায় আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্দোগ নিয়ে স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ওই কৃষানীর ধান কেটে দেয়া হয়েছে। আর এভাবেই অসহায় কৃষকদের পাশে থাকবে উপজেলা ছাত্রলীগ।


