বিগ ব্যাশে সিডনি ডার্বিতে আজ শুক্রবার(১৬ জানুয়ারি২০২৬) মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের ৬৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসে ১৮৯ রান তোলে থান্ডার। দুর্দান্ত এই শতক সত্ত্বেও দিনশেষে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো ওয়ার্নারকে।
স্টিভেন স্মিথের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে যায় তার সব পরিশ্রম। স্মিথের ঝড়ো শতকে ভর করে ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় পায় সিক্সার্স।
সিডনি থান্ডারের দেওয়া ১৯০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে স্টিভেন স্মিথ যেন রুদ্রমূর্তি ধারণ করেন। মাত্র ৪২ বলে ঠিক ১০০ রান করে যখন তিনি প্যাভিলিয়নে ফিরছেন, তখন সিক্সার্সের জয় কেবল সময়ের ব্যাপার। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ৯টি নান্দনিক চার আর ৫টি বিশাল ছক্কার মার।
এই ইনিংসের মাঝেই স্মিথ বিগ ব্যাশের ইতিহাসের পাতায় এক নতুন রেকর্ড যোগ করেন। রায়ান হ্যাডলির করা ১২তম ওভারে তিনি রীতিমতো তাণ্ডব চালান।
৪টি বিশাল ছক্কা আর একটি চারের সাহায্যে ওই এক ওভার থেকেই আসে ৩২ রান, যা টুর্নামেন্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। তবে অল্পের জন্য বিগ ব্যাশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি হাতছাড়া করেছেন স্মিথ। ২০১৪ সালে ক্রেগ সিমন্স ও গত বছর মিচেল ওয়েন ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। ৩৮ বলে সেঞ্চুরি পূর্ণ করতে স্মিথের প্রয়োজন ছিল ২ রান কিন্তু তিনি নিতে পারেন মাত্র ১। শেষ পর্যন্ত ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করলেও স্মিথ ঝড়ে কুপোকাত হয় সিডনি থান্ডার। এই জয়ের ফলে ডার্বির লড়াইয়ে শেষ হাসি হাসল সিডনি সিক্সার্স।