× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিবের কথা সবজান্তা মাতব্বরের মতো -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
সবজান্তা মাতব্বরের মতো

‘ওটিটি প্লাটফর্মের সাথে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল সাহেব না পড়ে, না বুঝে এটি নিয়ে যে মন্তব্য করেছেন তা ‘সবজান্তা মাতব্বর’ বা ‘মিস্টার ওয়াইজ ক্র্যাকার ‘ এর মতো।’  বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে গণযোগাযোগ অধিদফতর আয়োজিত জেলা তথ্য অফিসার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক প্রসঙ্গে একথা বলেন।

বিএনপি মহাসচিব গতকাল দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্ট ভিত্তিক পরিষেবা দেওয়া এবং পরিচালনা নীতিমালা ২০২১ খসড়াকে গণমাধ্যমের কন্ঠরোধের পাঁয়তারা বলে বর্ণনা করেন। এর জবাবে মন্ত্রী এদিন বলেন,  ‘বেগম খালেদা জিয়া যেমন বলেছিলেন সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের তথ্য পাচার হয়ে যাবে, ফখরুল সাহেবের বক্তব্যটাও ঠিক সে রকম। যেমন নেত্রী, তেমন সচিব। উনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে, উনি পার্টির মহাসচিবের দায়িত্বের পাশাপাশি ভেতরে ভেতরে নাটক-সিনেমা নিয়েও বিশেষজ্ঞ হয়ে গেছেন। কিন্তু ওটিটি প্লাটফর্মকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।’

এ বিষয়ে ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ওটিটি প্লাটফর্ম কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম নয়, ওটিটি প্লাটফর্ম এমন একটা প্লাটফর্ম যেখানে নাটক-সিনেমা এবং এ ধরনের এন্টারটেইনমেন্ট কনটেন্ট আপলোড করা হয়। বাংলাদেশে চরকী-সহ এ ধরনের কিছু প্লাটফর্ম আছে। অন্যান্য দেশেরও কিছু ওটিটি প্লাটফর্ম যেমন জি-ফাইভ, হৈচৈ এগুলো দেখা যায়।

ড. হাছান বলেন, ‘এই প্লাটফর্মে এমন ধরনের কনটেন্ট আপলোড করা হচ্ছিল যেগুলো আমাদের কৃষ্টি, সংস্কৃতি এবং মূল্যবোধের পরিপন্থি, এমনকি কিছু ছিলো যা প্রায় পর্ণোগ্রাফির কাছাকাছি। এগুলো নিয়ে ইতিপূর্বে বাংলাদেশে অনেক সমালোচনা হয়েছে, গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে এবং গণমাধ্যমের অনেকেই এটি নিয়ে একটি নীতিমালা করার তাগিদ দিয়েছেন।’

সর্বশেষে হাইকোর্ট একটি আদেশ দিয়েছে যার প্রেক্ষিতে আমরা একটি নীতিমালা প্রণয়ন করছি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্লাটফর্ম যাতে আরো বিকশিত হয় এবং একটি সুষ্ঠু নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়, এই নীতিমালার উদ্দেশ্য। আমাদের কৃষ্টি, ঐতিহ্য, মূল্যবোধের পরিপন্থি কোনো কিছু যাতে আপলোড না হয়, আমাদের সমাজকে যাতে বিপথে পরিচালিত করতে না পারে, একইসাথে আমাদের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে বা বিপথে পরিচালিত করতে না পারে, সেজন্যই এটি করা হচ্ছে। ওটিটি পাটফর্মের সাথে যুক্ত স্টেক হোল্ডারবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। খসড়াটি সবার জন্য উন্মুক্ত করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

ড. হাছান মাহ্‌মুদ এসময় জেলা তথ্য অফিসারদেরকে দেশের উন্নয়ন কার্যক্রম এবং জনসচেতনতামূলক তথ্য প্রচারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার নির্দেশনা দেন।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান উল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন। মন্ত্রী এসময় তাদের নিয়ে তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদের ‘বাংলাদেশের জেলা তথ্য অফিসের একাল-সেকাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এর আগে সকালে কক্সবাজার সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..