বিশেষ প্রতিবেদক : ‘বিএনপি নেতারা সময় বুঝে ভারতপ্রীতিও করে, ভারতভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে সে কারণে ইদানীং তাদের মধ্যে ওপরে ওপরে ভারতপ্রীতি দেখা যাছে। ভেতরের কথা আমি বলতে চাই না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরো বলেন, ‘আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণ। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো বিদেশি শক্তির প্রতি আমরা ছাতক পাখির মতো চেয়ে থাকি না।’
তিনি আরো বলেন, ‘বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে। অশালীন মন্তব্য করছে, মিথ্যাচার করে আওয়ামী লীগের নিশ্চিত জয়কে ঠেকানো যাবে না।’
আওয়ামী লীগ নেতা বলেন, ‘তাদের (বিএনপি) ভিশন ২০৩০ দেখেছি। সহায়ক সরকারে বিষয়ে তিনি (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) বলছেন বলবেন। সবার সবকিছু বলার স্বাধীনতা আছে।’ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ২৬ জুলাই।
নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এখন বিশেষ পরিস্থিত (বন্যা) বিরাজ করছে। আমাদের (আওয়ামী লীগের) জাতীয় সম্মেলনও তারিখ কার্যকমিটির সভায় অনুমোদন নিয়ে পেছানো হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আমি বলতে পারি খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি খুব শিগগিরই জানতে পারবেন ছাত্রলীগের সম্মেলন কবে হবে। ছাত্রলীগ আমাদের আমাদের ভাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করার কী আছে? এটা উচিত নয়।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক হিসেবে শাম্মী আহমেদের নাম ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতা বলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শাম্মী আহমেদকে মনোনীত করেছেন।নাট্যবিক্তিত্ব আতাউর রহমানকে সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।’
নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে, আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের উপর ফোকাস দিচ্ছি।’
সাংবাদ সম্মেলনে ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব- উল- আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অসীম কুমারউকিল, হাছান মাহমুদ, হাফিজুর রহমান সিরাজ, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
