বিশেষ প্রতিবেদকঃ ‘বিএনপি’র নেতৃত্বে বৃহত্তর ঐক্যের প্রস্তাব আসলে নানা রঙ-ঢঙে দন্ডিত খালেদা জিয়ার মুক্তি, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও নির্বাচন বানচালেরই চক্রান্ত।’ বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে বিটিভি জেলা প্রতিনিধি সম্মেলন ২০১৮-এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, তথ্য সচিব আবদুল মালেক এবং বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের গণরায় ছিল একটি বাঁক বদলের রায়। জনগণের এ রায়ে বিএনপি-রাজাকার চক্র পিছু হটলেও তারা চক্রান্ত ছাড়েনি। দেশের রাজনীতিতে বিষবৃক্ষের মতো একাত্তরের রাজাকার, পঁচাত্তরের খুনী, জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের আশ্রয় দিয়ে দেশে অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্রই করে চলেছে তারা। সেকারণে তাদের হাতে দেশ কোনোদিনই নিরাপদ নয়।’
হাসানুল হক ইনু এসময় বিটিভির জেলা প্রতিনিধিদেরকে মিথ্যাচার, গুজব ও তথ্যবিকৃতি থেকে দেশবাসীকে রক্ষায় নিয়োজিত সৈনিক হিসেবে অভিহিত করে বলেন, ‘রাষ্ট্র ও সংবিধানের পক্ষে থাকুন, শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নে মানুষের জীবনের বাঁক বদলের গল্প তুলে আনুন, একইসাথে দেশ বিরোধীদের হাতে জীবন ধ্বংসের করুণ কাহিনীও আমাদের জানান।’
প্রতিটি জেলার জনমানুষের সকল খবর আরো বিস্তারিতভাবে তুলে ধরতে সরকার প্রতিটি বিভাগে বিটিভির কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে, বলেন মন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশনের ৬৪ জেলার প্রতিনিধিদের এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সভাপতি এম এ সালাম।


