প্রাণতোষ তালুকদারঃ নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে মারপিটসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরকে ধর্ম অবমাননার মিথ্যা অযুহাতে মারপিট, হিন্দুদের বাড়ীঘরে হামলা, মামলা মোকদ্দমা, ও দেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, দেশত্যাগে বাধ্যকরণ, পুরোহিত, সন্যাসী খুন এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন করেছেন।
আজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা এর সম্মুখে এ মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে মারপিটসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরকে ধর্ম অবমাননার মিথ্যা অযুহাতে মারপিট, হিন্দুদের বাড়ীঘরে হামলা, মামলা মোকদ্দমা, ও দেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, দেশত্যাগে বাধ্যকরণ, পুরোহিত, সন্যাসী খুন এর প্রতিবাদে, বরিশাল শিক্ষা বোর্ড হিন্দু ধর্ম পরীক্ষার ইচ্ছাকৃত ফেল করানোয় এক ছাত্রের আত্মহত্যায় দায়ী কর্মকর্তাদের আত্মহত্যায় প্ররোচনায় মামলা দায়ের এর দাবীতে, এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজকের মানববন্ধনে প্রতিবাদ করেছেন। এবং বিক্ষোভ কর্মসূচীও পালন করেন।
আজকের মানব বন্ধন শেষে অ্যাডভোকেট দিনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিক, প্রেসিডিয়াম মেম্বার কালীপদ মজুমদার, সহ-সভাপতি ডঃ সোনালী দাস, জগদীশ চন্দ্র রায়, ডাঃ মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য, অ্যাডভোকেট প্রতীভা বাকচী, দেবাশীষ মন্ডল, সাংগঠনিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, সাধন লাল দেবনাথ, সহ-সম্পাদক লিটন নন্দী, যুব বিষয়ক সম্পাদক সমিরণ বড়াল, ছাত্র বিষয়ক সম্পাদক সমুন সরকার, মহিলা মহাজোটের নির্বাহী সভাপতি পীতিলতা বিশ্বাস, হিন্দু যুব মহাজোট এর সভাতি সুমন কুমার রায়, সাধারণ সম্পাদক মিল্টন বসু, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বৈদ্য, হিন্দু ছাত্র মহাজোটের নির্বাহী সভাপতি দীপক গাইন দিপু, সাংগঠনিক সম্পাদক সাজেন বল, হরেকৃষ্ণ বারুরী, প্রশান্ত হাওলাদার প্রমুখ।
বক্তাগণ বলেন নিত্যদিনের নির্যাতন নিপিড়নে বাংলাদেশ থেকে হিন্দু বিলুপ্ত হতে যাচ্ছে। প্রতিদিনই বাংলাদেশের কোন না কোন স্থানে হিন্দু বাড়ী-ঘর, জমি-জমা দখল, ভয়-ভীতি প্রদর্শন করে দেশত্যাগে বাধ্যকরণ, হত্যা, হত্যা প্রচেষ্টা, ধর্মান্তরকরণ, মঠ-মন্দির, প্রতিমা ভাংচুর ও কিশোরী অপহরণ চলছে। গোপালগঞ্জে সন্যাসী ও বৌদ্ধ সন্যাসীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বীর দর্পে গলাকাটা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, অথচ সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে ও শাস্তির বিধান করতে ব্যর্থ হয়েছেন। দেশ আজ সন্ত্রাসী, জঙ্গীবাদ, গলাকাটা বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। মানুষ আজ মহা-আতঙ্কিত, রাস্তায় বের হতেও ভয় পায়, কখন কার শরীর থেকে মুন্ডু আলাদা হয়, কেউ বলতে পারে না।
বক্তাগণ আরও বলেন বরিশাল শিক্ষাবোর্ড ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্ম বিষয়ে ফেল করানোর এক মেধাবী ছাত্র আত্মহত্যা করেছে। হিন্দু মহাজোট দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের এবং উপযুক্ত শাস্তি বিধানের দাবী জানায়।
বক্তাগণ আরও বলেন প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করায় ধর্ম নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু শিক্ষক সহ সচেতন হিন্দুদের দেশ ত্যাগে বাধ্য করে এদেশ হিন্দু শূন্য করার চক্রান্ত সফল হতে চলেছে।
বক্তাগণ বলেন, বক্তৃতা বিবৃতি নয়; প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও খুনি চক্রের মূলোৎপাটন করতে হবে। বক্তাগণ আরও বলেন নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করায় জাতি স্তম্ভিত। সমস্ত জাতি গণ আন্দোলন এমনকি ৫ জন মন্ত্রী প্রতিবাদ করলেও অপরাধী এতই শক্তিমান যে আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।
বক্তাগণ আগামী ৭ দিনের মধ্যে শ্যামল কান্তি ভক্ত এর লাঞ্চনাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার, সারা দেশে হিন্দুদের জমিজমা বাড়ীঘর দখলকারী সহ সকল মঠ মন্দিরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ম অবমাননার অজুহাতে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। অন্যথায় হিন্দু মহাজোট সাড়া দেশে গণ আন্দোলন গড়ে তুলবে। এই বলিয়া বক্তাগণ আজকের মানববন্ধনের পরিসমাপ্তি ঘটান ।