বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীতি রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। বলে শনিবার ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে।
শনিবার সকালে, ১০ জানুয়ারি, শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশটিকে এমন একটি দেশ হিসেবে উল্লেখ করেন, যার সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত।
তিনি বলেন, “বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার মার্কিন দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত অসাধারণ একটি দলের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করা, প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি এগিয়ে নেওয়া এবং প্রতিদিন কাজের মাধ্যমে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
এক বিবৃতিতে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে তারা সন্তুষ্ট। একই সঙ্গে, তার নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে দূতাবাস আশাবাদ ব্যক্ত করে।