নিজস্ব সংবাদদাতাঃ এবার দেশেও করোনাভাইরাসের ছোঁয়া। বাংলাদেশে প্রথমবার তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ রবিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
আইইডিসিআর জানায়, আক্রান্তদের ২ জন ইতালি ফেরত। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। সেই দুজনের একজনের পরিবারের একজন নারী সদস্য বাংলাদেশে আক্রান্ত হন।
তবে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে উল্লেখ করেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী। এসময় আরো উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর। তারা বাংলাদেশের সকল বাসিন্দাকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, ভারতে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সঙ্খ্য ৩৯। তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ চলছে সেই সাথে রয়েছে কড়া নিরাপত্তা।
করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দ্রুত বিস্তারে সক্ষম নভেল করোনাভাইরাস বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। ডব্লিউএইচও জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।
ডব্লিউএইচও আরো বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।



