বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সভাপতি অমিত শাহ।

শনিবার কলকাতার মেয়ো রোডে ভারতী জনতা যুব মোর্চার সভায় এই মন্তব্য করেন তিনি।

অমিত শাহ বলেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবেই।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক নিবন্ধনের বিরোধিতা করছেন। যা এদেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের দূর করতে ব্যবহার করা হচ্ছে। বাম দলের সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরোধী ছিলেন মমতা। এখন তারাই তার ভোটব্যাংক।

বিজেপি সভাপতি বলেন, আমরা নাকি বাংলা বিরোধী। বিজেপি কীভাবে বাংলা বিরোধী হবে? যখন আমাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই বাঙালি ছিলেন। আমরা বাংলা বিরোধী নই, আমরা মমতা বিরোধী, তৃণমূল বিরোধী।

তিনি বলেন, বাংলার উন্নয়নের জন্য তৃণমূল-কংগ্রেস জোটকে হটাতে হবে। কেন্দ্র টাকা দিলেও, সেই টাকা বাংলার উন্নয়নে ব্যবহার করা হয় না। আগে এখানে রবীন্দ্র সঙ্গীত শোনা যেত, এখন শুধু বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

বিজেপির বাংলা ইউনিটের সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে উগ্রপন্থীরা ঢুকছে, বাংলায় দিকে দিকে অস্ত্রের কারখানা গজিয়ে উঠেছে। বেকার সমস্যা বাড়ছে, অনেক বছর ধরে রাজ্যে কোনও শিক্ষক নিয়োগ হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।