বরিশাল সিটি নির্বাচনঃ মনিষার হয়ে লড়ছেন রিকশাওয়ালা, বস্তিবাসী, কুলি-মজুর ও তরুণরা

দি নিউজ ডেস্ক, চট্টগ্রাম অফিসঃ শনিবার সন্ধ্যা ৭টা। বরিশাল নগরীর সদর রোডে সিটি কর্পোরেশনের প্রচারণার মাইকিং চলছিলো বিভিন্ন প্রার্থীদের। তখন মই মার্কায় ভোট চেয়ে প্রচারণা চলছিলো মনীষা চক্রবর্ত্তীরও।
ঠিক ওই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছিলো যাত্রীবাহী এক রিকশা। সেই রিকশার চালক যেতে যেতে বলে উঠেন, ‘আছি আছি..।’ পথচারিদের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, ‘আমাদের মার্কা’। এই কথা বলতে বলতে খুব দ্রুত রিকশা চলে গেলো সামনের দিকে।
এমন অনেক ঘটনার মধ্যে শ্রমিক-তরুণদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে মনীষা চক্রবর্ত্তীর নাম।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদ প্রার্থী মনীষা চক্রবর্ত্তী, শ্রমজীবী বস্তিবাসীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। সেই শ্রমজীবীদের সাথে নিয়েই প্রচারণা শেষ করলেন। নির্বাচনে ফলাফল যাই হোক এই মেহনতী মানুষের জন্য তার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে সংবাদ সম্মেলনে মনিষা বলেন, নির্বাচনী প্রচারণায় নেমে সর্বস্তরের মানুষের যে সাড়া পেয়েছি তাতে আমরা আশাবাদী। তবে তিনি অভিযোগ করে বলেন, শাসক দলের প্রার্থী প্রথম দিন থেকেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটালেও কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেনি।

অথচ অপরাপর প্রার্থীর বেলায় পান থেকে চুন খসলেই নানা হয়রানী করা হয়েছে। এক প্রার্থী সরাসরি ধর্মকে ব্যবহার করলেও তাকে শুধু সতর্ক করেই ক্ষান্ত দিয়েছে। বিভিন্ন এলাকায় বস্তিবাসী, রিক্সাচালক আমার পক্ষে যারা প্রচার কাজ করেছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
কাউকে কাউকে মারধরও করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি।
নির্বাচনের আগ মুহূর্তে এসে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ভোট কেন্দ্রে সংঘর্ষ হতে পারে এমন গুজব ছড়ানো হচ্ছে যাতে করে কেউ ভোট কেন্দ্রে আমাদের পক্ষে পোলিং এজেন্ট হতে রাজি না হয়।
শনিবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালান মনীষা। প্রচারণায় বিভিন্ন স্থানেই তার পক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় তরুণরা। নগরীর সদর রোডে কথা হয় অনিক রহমানের সাথে।
৪২ বছর বয়সী অনিক বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির প্রার্থীদেরতো অনেক প্রচারণা দেখেছি। তবে আমার কাছে এবার সবচেয়ে যোগ্য ও সত প্রার্থী মনে হয়েছে মই মার্কার প্রার্থী মনীষা চক্রবর্ত্তীকে।
যে মানুষ বিসিএস পরীক্ষায় পাশ করেও সরকারি চিকিৎসক হিসেবে জয়েন করেননি। রাজনীতি করে সমাজ বদলানোর কথা বলেন তার কাজেও সে প্রমাণ পেয়েছি। তাই মনীষা এবার আন্ডারডগ প্রার্থী মনে হয়েছে।’
সকাল ১১টায় নথুল্লাবাদ বাস টার্মিনালের একটি চায়ের দোকানে চলছিলো নির্বাচনী আলোচনা। পেশায় রিকশা চালক জাহিদ প্রকাশ্যেই বললেন মনীষাকে ভোট দেয়ার কথা। উপস্থিত অন্যদের ভোট দেয়ার অনুরোধ করলেন।
তখন কেন মনীষকে বেছে নিলেন পছন্দের প্রার্থী হিসেবে এই প্রশ্নের উত্তরে জাহিদ বললেন, ‘কেন দিমু না? আপায় মাইর খাইছে আমাগো লইগ্যা। হের কি ঠেক পরছে ডাক্তারি থুইয়া রিকশা ড্রাইভার নিয়া আন্দোলন করার?
হের কাছতোন কি রিকশা ভাড়া কম নেয়? মানুষের লাইগ্যা দরদ আছে। আমার দরদও তার লইগ্যা কথা বাস্তব ভাই আপনেরা যা মনে করার করেন।’
বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, ‘আমরা মানুষের সাড়া পেয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছে। দেখা গেছে আমরা চিনিনা এমন অনেক রিকশা চালক নিজ উদ্যোগে রিকশা নিয়ে এসে লিফলেট ব্যানার নিয়ে প্রচারণা করেছে।
মানুষ আমাদের প্রার্থীকে (মনীষা) নিজেদের প্রার্থী হিসেবে নিয়েছে। জনগণের এই সাড়াকে আমরা ভোটের ফলাফলে দেখবো বলে আশা রাখছি যদি নির্বাচন সুষ্ঠু হয়।’
তখন নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। মনীষা কর্মী সমর্থকদের নিয়ে হেঁটে বেড়াচ্ছেন পথে পথে। নগরের বাসদ কার্যালয়ের সামনে কথা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে। নাম গোপন রাখার শর্তে বললেন, ‘ভোট দিতে এসেছেন।
পছন্দের প্রার্থী হিসেবে মনীষার কথাই বললেন। কথা বলতে বলতে তরুণ এই ভোটার সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরে বললেন, ভাই আমি রাজনীতি করি না। কখনো এর সাথে জড়িতও ছিলাম না। এখন পরিবর্তন চাই।’
আগামী ৩০ জুলাই নির্বাচনে ৩০টি ওয়ার্ডের ১২৩ কেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার বেছে নেবেন তাদের প্রার্থীদের। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৩৩২ জন আর নারী ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় দলের ছয় প্রার্থী। তারা হলেন- নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ার।
কাস্তে প্রতীক নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ। মই প্রতীক নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মনিষা চক্রবর্তী। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি প্রার্থী মো ইকবাল হোসেন। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবাইদুর রহমান (মাহাবুব)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।