বক্সিং ডে টেস্টের ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনে মেলবোর্নে চলছে দারুণ লড়াই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাট করছে ভারত। অধিনায়ক আজিঙ্কা রাহানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আগুন ঝরাচ্ছেন অজি বোলাররাও।
বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে অভিনব এক রেকর্ড হয়ে গেল। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও অধিনায়ক-উইকেটরক্ষক টিম পেইন এই রেকর্ড করেছেন। ভারতীয় ব্যাটসম্যান রিশাভ পন্থের উইকেট নিয়ে আলাদা দুই রেকর্ড গড়েন এই দুই অজি ক্রিকেটার। পন্থকে আউট করে ক্যারিয়ারে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন স্টার্ক। অজিদের হয়ে নবম বোলার হিসেবে এই মাইলফলকে নাম লেখালেন তিনি। অজিদের পক্ষে দ্রুততম বোলার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। একই সঙ্গে উইকেটরক্ষক হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৫০টি ডিসমিসাল করার রেকর্ড গড়েন টিম পেইন।
স্টার্কের রেকর্ডের দিনে রেকর্ডের নাম লিখেয়েছেন উইকেটরক্ষক টিম পেইন। স্টার্কের বলে উইকেটের পেছনে নেওয়া পন্থের ক্যাচটি পেইনের টেস্ট ক্যারিয়ারের ১৫০তম ডিসমিসাল। মাত্র ৩৩তম টেস্টে ১৫০ ডিসমিসাল পূরণ করে ফেলেছেন তিনি। এত দিন ধরে যে রেকর্ডটি ছিল কুইন্টন ডি ককের দখলে। তিনি ৩৪ টেস্টে পূরণ করেছিলেন ১৫০ ডিসমিসাল।
পরিসংখ্যান বলছে, মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম বল করে ২৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন। ২৫০ উইকেট নিতে স্টার্ককে করতে হয়েছে ১১ হাজার ৯৭৬টি ডেলিভারি, যা অন্য অস্ট্রেলিয়ান বোলারদের থেকে কম। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন মিচেল জনসন, গ্লেন ম্যাকগ্রা, ডেনিস লিলি, ব্রেট লিকে।
ক্যারিয়ারে এ পর্যন্ত ১৪৩টি ক্যাচ ও ৭টি স্ট্যাম্পিং করেছেন ৩৬ বছর বয়সী পেইন।



