ফরিদপুর প্রতিনিধিঃ জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকা থেকে স্বামী–স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত স্বামীর নাম মনছের শেখ (৫২) ও স্ত্রীর নাম জাহানারা বেগম (৪২)।
নিহতের মেয়ে জেসমিন বেগম ও স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধকে কেন্দ্র করে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া–বিবাদ হতো। বুধবার রাতেও ঝগড়া শুনতে পায় এলাকাবাসী। সকালে বাড়ির পাশের কাঁঠালগাছে স্বামী মনছের শেখের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী। পরে ঘরের মধ্যে তল্লাশি করে স্ত্রী জাহানারা বেগমের লাশ বিছানার ওপর দেখতে পায়। পরে তারা কোতোয়ালি থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





