প্রস্তাবিত বাজেট মানুষকে বোকা বানানোর বাজেট: রিজভী।

বিশেষ প্রতিবেদকঃ ‘গতবার এত বিগ বাজেট দেওয়ার পরও বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ  দারিদ্র্যসীমার নিচে। আর দেশের উত্তরাঞ্চলের হতদরিদ্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারও অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে শুধু লুটপাটের জন্য। প্রস্তাবিত বাজেটেও মেগা দুর্নীতির জন্য সব পথ খোলা রাখা হয়েছে। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর অনিশ্চয়তা ও অস্থিরতা বিদ্যমান।’ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মানুষকে বোকা বানানোর এবং প্রতারণার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

বিএনপি নেতা বলেন, ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক না হওয়ায় জনগণ হতাশ হয়েছে। তারা যেহেতু জনগণের সরকার নয়, আর এই সংসদ সদস্যরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নন, তাই তাদের কাছ থেকে জনকল্যাণমুখী বাজেট আশা করা যায় না। প্রস্তাবিত বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না। মূলত নির্বাচন সামনে রেখে সর্বশেষ লুটপাটের জন্যই এ বিশাল বাজেট পেশ করা হয়েছে। ফুলিয়ে-ফাঁপিয়ে বাজেট বড় করা হয়েছে। বাজেটের আকার বড় করে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করা হয়েছে। এ বাজেট বাস্তবায়ন অসম্ভব।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ স্লোগান সংবলিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য বাজেট উত্থাপন করেন। মোট চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।

‘এ বাজেট জনকল্যাণে কোনো কাজে আসবে না। প্রস্তাবিত বাজেট গরিবকে আরো গরিব করবে, বাজেটে ধনীদের আরো ধনী করার সুযোগ দেওয়া হয়েছে। এমনিতে দারিদ্র্য কমার হার কমে যাচ্ছে, এ বাজেটে দারিদ্র্য কমার হার আরো কমে যাবে। কারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, অর্থনীতির নতুন খাত তৈরি হচ্ছে না। প্রচলিত রপ্তানিযোগ্য খাতগুলোর বহুমুখীকরণে কোনো নীতিমালা নেই এই সরকারের  বাজেটগুলোতে। বাজেটে ব্যাংক লুটপাটকারীদের আরো সুযোগ করে দেওয়া হয়েছে। ব্যাংকের করপোরেট কর কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোরও কর কমিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক মালিকরা যা চেয়েছেন, অর্থমন্ত্রী তাই করেছেন। ব্যাংক মালিকদের আরো বেশি লুটপাটের সুযোগ করে দেওয়ার বাজেট এটি।’

বাজটে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, দেশে সুশাসন না থাকায় বর্তমানে দেশে বিনিয়োগের পরিবেশ নেই। দেশি-বিদেশি বিনিয়োগ বন্ধ রয়েছে। শেয়ার মার্কেট থেকে বিদেশি বিনিয়োগ তুলে নিচ্ছে। বর্তমানে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। বাজেটে কর্মসংস্থানের ব্যবস্থা তেমনভাবে না রাখায় বেকার সমস্যা আরো বেড়ে যাবে।’

প্রস্তাবিত বাজেট পাস হলে সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বাড়িঘরের ট্যাক্স বাড়বে, বাসাভাড়া বাড়বে, ফলে সামগ্রিকভাবে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বিপাকে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি আরো বলেন, ‘এ বাজেট গণবিরোধী। নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার সুযোগ সৃষ্টি, জনগণের সঙ্গে ধাপ্পাবাজি ছাড়া এই বাজেট আর কিছুই নয়।’ ‘ইভিএম ইসির নতুন ষড়যন্ত্র’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা সরকারের সঙ্গে এক অলিখিত বশ্যতায় আবদ্ধ। আগামী নির্বাচনের ফল ক্ষমতাসীনদের পক্ষে নিতে নানা কারসাজি ও নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সিইসি। ইভিএম নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো এবং নানা শ্রেণি-পেশার মানুষ বিপক্ষে মত দিয়েছে। আর এর পক্ষে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ ও সমমনা কয়েকটি দল। আর সিইসি মত দিলেন ক্ষমতাসীন দলের পক্ষে।

‘ইসি এরই মধ্যে দুই হাজার ৫৩৫টি ইভিএম মেশিন কিনে ফেলেছে। ইসির এই কর্মকাণ্ডগুলো ক্ষমতাসীনদের অনুকূলে একনিষ্ঠভাবে কাজ করা। অনেক দেশেও ইভিএম পদ্ধতি চালু করার পরও বন্ধ করে দেওয়া হয়েছে। ইসি ভোট কারচুপি ও জালিয়াতি করতেই ইভিএম পদ্ধতি চালু করার কথা বলছে।’ সিইসি সবচেয়ে যেটির বেশি ক্ষতি করেছেন, সেটি হলো গণতন্ত্র—এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার কর্তৃত্ব সম্প্রসারণে নির্বাচন কমিশন কব্জার মধ্যে পড়েছে। মোসাহেবি করতে গিয়ে সিইসি স্বেচ্ছায় নিজের ভাবমূর্তিকে অতলে তলিয়ে দিয়েছেন। ইভিএম চালুর ঘোষণা দিয়ে সিইসির মাধ্যমে সরকার তাদের অবৈধ ক্ষমতা প্রদর্শন করল। এই সিইসি এর মধ্যেই প্রমাণ দিয়েছেন, তিনি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের শত্রু। সিইসির পদত্যাগ ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।