চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজিব শর্মা, চট্টগ্রামঃ স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষ বিবাদে জড়ায়।

বিবাদমান দুইপক্ষ হলো নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে শনিবার রাতে নুরুল ইসলাম বিএসসির অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙায়। বিষয়টিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে রবিবার সকালে বিবাদে জড়িয়ে পড়ে তারা।

নুরুল বিএসসির অনুসারী স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু বলেন, ‘শনিবার রাতে আমাদের ছেলেরা নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে ব্যানার টাঙায়। রবিবার সকালে ক্যাম্পাসে গেলে তারা দেখে ব্যানারগুলো ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ক্যাম্পাস ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘তারা বহিরাগতদের নিয়ে এসে অরিয়েন্টেশন প্রোগ্রামে ঝামেলা সৃষ্টি করলে আমরা বাধা দেই। এ সময় তারা আমাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। তারা আমাদেরকে মারার জন্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা বলেন, আজ কলেজে অনার্স প্রথম বর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠান ছিল। নবীন শিক্ষার্থীদের অভর্থনা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষ বিবাদে জড়ান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।