প্রশ্ন ফাঁস আটকাতে ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপালো সরকার

দি নিউজ ডেক্সঃ এসএসসি পরীক্ষায় প্রশ্ন কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কেউ যেন প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। সুতরাং প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।

এসএসসি ও সমমান পরীক্ষায় রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেন দীপু মনি। বলেন, রাজনৈতিক কোনো কর্মসূচি এসএসসি ও সমমান পরীক্ষাকে বাধাগ্রস্ত করবে না বলে আমরা বিশ্বাস করি। তাই পরীক্ষা চলাকালীন সব দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও অবরোধ-বিক্ষোভ-হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

অনেক স্কুলে ফরম পূরণ করেও পরীক্ষার্থীরা প্রবেশপত্র পায়নি-এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠানে অনুমোদন না থাকলেও সেখানে শিক্ষার্থী ভর্তি করিয়ে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করা অভিযোগ রয়েছে। অনেকে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।