পূজায় বেনাপোল বন্দরে ৪ দিন বন্ধ থাকবে আমদানি রফতানি

পূজায় বেনাপোল বন্দরে ৪ দিন বন্ধ থাকবে আমদানি রফতানি
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ এবছর দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে  এপথে আমদানি-রফতানি বন্ধ থাকা বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৬ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা চারদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান জানান, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছেন।
তবে  আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও  সরকারী ছুটি ছাড়া অনান্য দিন বেনাপোল বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুজিবর রহমান বলেন, পূজার ছুটির কারণে বেনাপোল দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এদিকে টানা ৪ দিন আমদানি,রফতানি বন্ধে বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলকায় ব্যাপক পণ্য জটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।  প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪ শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২শ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়। এসব আমদানি পণ্য থেকে দিনে সরকারের ২৫ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।