পা দিয়ে স্বপ্ন জয়ের পথে মেহেরপুরের পাপিয়া

মেহের আমজাদ, মেহেরপুর (০২-০২-১৭): প্রতিবন্ধী পাপিয়ার ছোট থেকে স্বপ্ন বড় হয়ে শিক্ষক হবে। দুই হাত অকেজো হলেও অদম্য ইচ্ছা শক্তিই তাকে পা দিয়ে লিখে সেই স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছে পাপিয়া আক্তার ববি। মেহেরপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে পাপিয়া আক্তার ববি নামে ওই প্রতিবন্ধী শিক্ষার্থী।

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশুনা চালিয়ে হার না মানা এই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথমদিন এই শিক্ষার্থী পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ও চর্চা শক্তি দেখতে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে ভীড় জমিয়েছিল অনেকেই। পরীক্ষায় পাপিয়ার পা দিয়ে স্বাভাবিক গতিতে লেখা দেখে বিস্মিত অনেকেই।

সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্বাভাবিক শিক্ষার্থীদের মাঝে পা  দিয়ে পরীক্ষার খাতায় মনোযোগ সহকারে লিখে চলেছেন পাপিয়া। অন্য পরীক্ষার্থীরাও তার এই মনোবল দেখে অবাক হয়েছেন। এসএসসি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থী শিমলা আক্তার জানান, আমরা সুস্থ্য শরীরে পরীক্ষা দিতে গিয়ে একটু ভয় ভয় লাগছিল। কিন্তু পাপিয়া কে দেখে মনে হচ্ছিল স্বাভাবিক ভাবে সে পরিক্ষা দিয়ে চলেছে। তার এই অদম্য ইচ্ছা দেখে মনে হয়েছে আমাদের থেকে সে ভালো পরীক্ষা দিয়েছে। তার হাত না থাকলেও তার মনোবল তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আর তার সাথে পরীক্ষা দিতে পেরে আমরাও অনেক খুশি। সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের কেন্দ্র সচিব অজিত কুমার রায় জানান,পাপিয়া নামের একজন শিক্ষার্থী পা দিয়ে লিখে আমার কেন্দ্রে পরিক্ষায় অংশ গ্রহন করেছে। আমরা তাকে সার্বিক ভাবে সহযোগিতা করছি।

এছাড়া বোর্ড নির্ধারিত প্রতিবন্ধীদর জন্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সে গুলো তাকে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময় ছাড়াও ২০ মিনিট বেশি সময় তাদের জন্য নির্ধারন করা আছে। পাপিয়ার পিতা পিয়ারুল ইসলাম জানান, জন্মের পর ২ বছর বয়সে পাপিয়া দুই হাতের শক্তি হারিয়ে ফেলে। তারপর থেকে পা দিয়ে লেখা চর্চা করে সে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। এখন পা দিয়েই সমস্ত কাজ করে পাপিয়া। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ সাংবাদিকদের জানান, পাপিয়ার ইচ্ছাশক্তি ও পড়াশোনার অদম্য আকাংখার কারনে আজ সে এত প্রতিকুলতার মধ্য এই জায়গায় আসতে পেরেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগীতা করা হবে। এছাড়া পাপিয়া যতদিন তার পড়াশনা চালিয়ে যাবে ততদিন জেলা প্রশাসন তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহযোগীতা করবে। পাপিয়া আক্তার ববি পরীক্ষা শেষে সাংবাদিকদের জানান, পরীক্ষা খুব ভালো হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া সহপাঠি ও শিক্ষকদের কাছ থেকে সে সব ধরনের সহযোগীতা পেয়েছেন। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল হলে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার ই্চ্ছা রয়েছে তার। পড়াশোনা শেষে শিক্ষক হওয়ার স্বপ্ন আছে বলে জানান পাপিয়া। পাপিয়া আরো বলেন, আমার মত শারীরিক প্রতিবন্ধী যারা তাদের নিয়ে ভবিষ্যতে কিছু করতে চাই আমি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।