এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর শ্মশান সংলগ্ন স্থানে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে পিকআাপের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ ২ জন নিহত এবং ৪ জন মারাত্মক আহত হয়েছে। আহতদের ঘনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারপূর্বক তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল হতে পুলিশ দূর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তালা উপজেলার কলিয়া গ্রামের ব্যাটারী ভ্যান চালক নুর ইসলাম (৩৫) ৫ জন যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে পাটকেলঘাটার দিকে আসছিল। পথিমধ্যে ঘঁনাস্থলে পৌছালে সাতক্ষীরাগামী ঢাকা মেট্রো-ড-১১-৩৩১১ নং একটি পিকআাপ ব্যাটারী ভ্যানের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি সামনের বাম্পারে আটকে ঝুলতে থাকে এবং ভ্যানে থাকা যাত্রী তালার মুড়াকুলিয়া গ্রামের ইলেক্ট্রিক মিস্ত্রি শেখ আবুল কাশেমের পুত্র ইসরাফিল হোসেন (২৮) ও কলিয়া গ্রামের জিল্লুর রহমান সরদারের শিশুকন্যা জুঁই (৬) পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় কলিয়া গ্রামের নিহত শিশুকন্যার মাতা স্বপ্না খাতুন (২৮) একই গ্রামের সোবহান মোড়ল (৭০), আরজান বিবি (৬০) ও ভ্যানচালক নুর ইসলাম পিকআপের ধাক্কায় মারাত্বক আহত হন।
স্থানীয়রা ঘঁটনাস্থল থেকে আহতদের উদ্ধার পূর্বক স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা সেবা দেন। সেখানে চিকিৎসাকালীন আহত সোবহান মোড়ল, আরজান বিবি ও নুর ইসলামের অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে তালা সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থল থেকে প্রায় কোয়ার্টার কিঃমিঃ দুরে গিয়ে পিকআপের সামনের বাম্পারে আটকে থাকা ব্যাটারী ভ্যান ছাড়াতে ব্যর্থ হয়ে চালক পিকআপটি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত পিকাপ ও ব্যাটারী ভ্যানটি আটক করেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় কলিয়া গ্রামে শোকের বাতাস ভারি হয়ে উঠেছে।