এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার ওভার ব্রীজ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে সদ্য নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সময় নাভী দিয়ে রক্তক্ষরণ হলেও চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি সুস্থ।
জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে পাটকেলঘাটার ওভার ব্রীজের নিচে কে বা কারা বাচ্চাটি ফেলে রেখে যায়। এসময় স্থানীয় পথচারীরা থানা পুলিশকে খবর দিলে বাচ্চাটি উদ্ধার করে পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমে ভর্তি করে।
লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল জানান, সদ্যজাত কন্যা শিশুটি ২/১ দিন পুর্বে ভূমিষ্ট হয়েছে। চিকিৎসার পূর্ব মুহুর্তে নাভী দিয়ে রক্তক্ষরণ হলেও বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত।
পাটকেলঘাটা থানার কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে শিশুটির এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আশপাশের অনেকেই নবজাতকের দায়ভার গ্রহণ করতে ইচ্ছুক।