বগুড়ার ধুনটে নির্মাণের ৯ মাসেই পাঁকা সড়ক ভেঙ্গে খালে

বগুড়ার ধুনটে নির্মাণের ৯ মাসেই পাঁকা সড়ক ভেঙ্গে খালে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত সংযোগ ৭৭০ মিটার পাকা সড়কটি নির্মাণের ৯ মাসের মাথায় ভেঙ্গে যাচ্ছে। সড়কের কান্তনগর গ্রামের ভেতর কমপক্ষে ৫০ মিটার অংশ ভেঙ্গে খালের পেটে মিশে গেছে। ফলে জনগুরুত্বপূর্ণ এই সড়কে যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি ঘটেছে।

এ সড়কটি নির্মাণ করতে প্রায় ৯০ লাখ টাকা ব্যায় করা হয়েছিল। এদিকে সড়ক নির্মাণে গাফিলতি ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ধুনট উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৭৭০ মিটার দৈর্ঘ্য সড়কটি পাকা করণের কাজ ২০১৯ সালের নভেম্বর মাসে শেষ করা হয়েছে। এ সংযোগ সড়কটি নির্মাণে কাজে ব্যয় হয়েছিল প্রায় ৯০ লাখ টাকা। সড়কটি নির্মানের ফলে এই এলাকায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে অর্থনীতি বেশ সচল হয়ে উঠেছিল।

সরেজমিন দেখা গেছে, নব নির্মিত পাকা সড়কের পাশ দিয়ে বহমান কান্তনগর খাল। সড়কটি পাকা করণ কাজের সময় ভাঙনরোধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। অপরিকল্পিতভাবে সড়কটি নির্মাণ কাজ এমনকি খালের পাশে সুরক্ষা বাঁধ (গাইডওয়াল) ছাড়াই নির্মাণ করায় সড়কটি টিকসই হয়নি। চলতি মৌসুমে অতি বর্ষনে এই সড়কের পাশে বিভিন্ন স্থানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। পাকা সড়কের অনেকাংশই ধসে পাশর্^বতী খালের মধ্যে বিলীন হয়ে গেছে। এছাড়াও ওই সড়কের পাশে খালে কয়েক দিন ধরে ভাঙন অব্যাহত থাকায় এহেন অবস্থায় পড়েছে সড়কটি।

সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত সড়কের কান্তনগর গ্রামের সাইফুল ইসলামের বাড়ির সামনে কমপক্ষে ৫০মিটার অংশ খালের পেটে ভেঙে পড়েছে। ফলে ভাঙন স্থানে সড়কটি সরু হয়ে যাওয়ায় বর্তমানে যান চলাচল করতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে জীবনের ঝুকি নিয়ে গ্রামের কিছু মানুষ পায়ে হেটে চলাচল করছেন। ফলে মুল সড়কের আরো প্রায় ১৫০ মিটার অংশ ওই খালের মধ্যে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে আশংকা করছে ভূক্তভোগীরা।

ভূক্তভোগী স্থানীয়রা জানান, সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত এই সড়ক পথে উপজেলার কমপক্ষে ১০ গ্রামের প্রায় ২০/২৫ হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। কৃষি নির্ভরশীল এলাকাটি হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে গ্রামগুলো থেকে কৃষিপণ্য কিনে নিয়ে যান। এদিকে সড়কটি ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা যাতায়াত করতে পারছেন না। ফলে এখন সবচেয়ে বিপাকে পড়েছেন এলাকার কৃষকেরা। তাই দ্রুততম সময়ের মধ্যেই বেহালদশা সড়কটি সংস্কার করা দরকার।

ওই সড়কটি নির্মাণকালীন দায়িত্ব প্রাপ্ত ধুনট উপজেলার এলজিইডি’র সার্ভেয়ার সুলভ কুমার ঘোষ বলেন, সড়কটি নির্মান কাজে কোন প্রকার ত্রুটি ছিল না। তবে সড়কের পাশে খাল থেকে বালু উত্তোলনের ফলে এবং সম্প্রতি অতি বর্ষণের কারণে খালে ধসে পড়েছে সড়কের কিছু অংশ। তবে সড়কের ক্ষতিগ্রস্থ অংশগুলো উচিরেই মেরামতের উদ্যেগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, ভগ্নদশা সড়কের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই সড়ক পথে স্থানীয় লোকজনের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিস্ট প্রকৌশলীকে সড়কটি দ্রুত সংস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।