স্টাফ রিপোর্টার: পর্যটন শিল্পকে পৃথিবীর কাছে তুলে ধরতে সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
প্রত্যেক বছরই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় তিন দিনব্যাপী বিচ কার্নিভাল। ইংরেজি নববর্ষ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হয়ে এ কার্নিভাল চলবে ২ জানুয়ারি পর্যন্ত।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কার্নিভালের ক্ষণ গণনা উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আয়োজকরা এ বছর কার্নিভালে ১০ লাখ লোকের সমাগম প্রত্যাশা করছেন।
মেনন জানান, সরকার ২০১৬ সালকে পর্যটনবর্ষ হিসেবে ঘোষণা করেছে। পর্যটনের গন্তব্য হিসেবে কক্সবাজারকে বিশ্বের সামনে তুলে ধরতেই এ আয়োজন। এ সময় বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বজুড়ে আকর্ষণীয় করে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
যৌথভাবে বিচ কার্নিভালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির প্রমুখ।
এদিকে প্রচারের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সামনে বিচ কার্নিভালের একটি কাউন্ট ডাউন ঘড়ি স্থাপন করা হয়। এ উপলক্ষে টিএসসির পায়রা চত্বরে আতশবাজি ফোটানো হয় এবং জনপ্রিয় ব্যান্ড জলের গানসহ বিভিন্ন ব্যান্ড সংগীত পরিবেশন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় কার্নিভালের উদ্বোধন হবে। তিনি দিনের আয়োজনে দেশের সেরা শিল্পীদের গান, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানা আয়োজন থাকবে।
পুরো সৈকত সাজবে বর্ণিল রঙে। মেলায় বিভিন্ন অনুষঙ্গের মধ্যে থাকবে বিভিন্ন খাবারের প্রদর্শনী, লোকশিল্পের পসরা, দেশের পর্যটন শিল্প নিয়ে ভিন্ন আয়োজন, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাস্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।