কোন কারণ ছাড়াই পাঠকপ্রিয় নিউজপোর্টাল পরিবর্তন ডটকম বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিনা নোটিশে নিউজসাইটটি বন্ধের ঘটনাকে স্বৈরাচারী ও হঠকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। সরকার অব্যাহতভাবে গণমাধ্যমের কন্ঠরোধের যে অপকৌশল গ্রহণ করেছে তা ভয়াবহ পরিনতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রদত্ত বিবৃতিতে অবিলম্বে পরিবর্তন ডটকমসসহ এর আগে বন্ধ করা সকল গণমাধ্যম খুলে দিয়ে সংবাদমাধ্যমের ওপর দৃশ্য-অদৃশ্য সব ধরনের খড়গ তুলে নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, এর আগে প্রথম দফায় ৩৫টি অনলাইন এবং দ্বিতীয় দফায় ৫৪টি অনলাইন সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। তারও আগে গায়ের জোরে জনপ্রিয় দৈনিক আমার দেশ, দর্শকপ্রিয় দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়। এসব গণমাধ্যমে কর্মরতদের মধ্যে ডিইউজে, ডিআরইউ ও জাতীয় প্রেস ক্লাবের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন।
ঢাকার বাইরে কর্মরতদের মধ্যে বিএফইউজে’র বিভিন্ন অঙ্গ ইউনিয়নের অনেক সদস্য আছেন। দু’দিন আগে ব্লক করে দেওয়া পরিবর্তন ডটকমের ঢাকায় ৮৫ জন সংবাদকর্মীসহ সারাদেশের দেড় শতাধিক সংবাদকর্মী আকস্মিকভাবে পেশাচ্যুতির হুমকিতে পড়েছেন। পবিত্র রমজান ও ঈদুল ফেতরকে সামনে রেখে এমনিতে গোটা গণমাধ্যমজুড়ে অনিশ্চয়তা ও দু:সহ পরিস্থিতি বিরাজ করছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ সকল গণমাধ্যম খুলে দেয়া ও সাংবাদিক দলন-নিপীড়ন বন্ধের দাবি জানান।


