পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিশেষ প্রতিবেদকঃ  পদ্মা সেতু নির্মাণের মতো একটি সিদ্ধান্তই আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলেছে। কোনো সাহায্য ছাড়াই এই সেতু নির্মাণ ছিল দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের আত্মবিশ্বাসে এ কাজ সম্ভব হয়েছে।  জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি ভবনে আয়োজিত ১০২ ও ১০৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে দেশের জনগণের সেবক বলে মনে করি। তাদের টাকায় বেতন নিই, তাদের টাকায় আমি চলি। তাই তাদের কতটুকু সেবা দিতে পারলাম সেটাই ভাবি।

নবীন বিসিএস ক্যাডারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে। জনগণকে সেবা দেয়া এবং তাদের জীবন সুন্দর করার দিকে দৃষ্টি দিতে হবে। প্রশাসনে উদ্ভাবনী ও জনগণকে সেবা দেয়ার চিন্তা থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, আজ সারাবিশ্বে আমাদের কেউ দরিদ্র দেশ বলে করুণা করে না, ভিন্ন দৃষ্টিতে দেখে না, ঝড়-বৃষ্টির দেশ ও সাহায্য চাইবার দেশ হিসেবে কেউ দেখে না।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশ পিছিয়ে পড়েছিল। আজ যদি দেশ স্বাধীন না হতো, যারা বড় বড় পদে আছেন তারা কি এখানে থাকতে পারতেন? দেশ স্বাধীন হয়েছে বলেই আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে, আপনারা বড় পদে চাকরি করতে পারছেন। জাতির পিতা বেঁচে থাকলে দেশকে উন্নত করতে ১০ বছরও সময় লাগতো না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।